⊙ ৪ মাস পর বাড়ি ফিরলেন খাদিজা
৪ মাস পর ফিরলেন সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিস। বুধবার বেলা আড়াইটায় বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। পরে সেখান থেকে ২টা ৪০ মিনিটে বাড়ির উদ্দেশে রওয়ানা হন। খাদিজার সঙ্গে ছিলেন তার ভাই শাহীন আহমদ। এছাড়া বিমানবন্দরে তার বাবা মাসুক মিয়া উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে বেরিয়ে খাদিজার ভাই শাহীন জানান, এক সপ্তাহের জন্য তাকে সিলেট নিয়ে আসা হয়েছে। পরে আবারো চিকিৎসার জন্য সিআরপিতে নিয়ে যাওয়া হবে। এদিকে, দীর্ঘ দিন পর নিজের আপনালয়ে ফিরে খাদিজা মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস। আপনজনদের কাছে পেয়ে কিছুটা যেনো উৎফুল্ল ছিলেন তিনি। খাদিজার চোখেমুখে যেনো আনন্দ খেলা করছিল। খাদিজার বাবা মাসুক মিয়া বলেন, ডাক্তারদের অনুরোধ করে খাদিজাকে এক সপ্তাহের জন্য বাড়িতে আনা হয়েছে। এখানে কিছুদিন থাকলে সে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে। গেলো বছরের ৩ অক্টোবর সিলেট এমসি কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষে বের হলে খাদিজাকে চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম। এরপর প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। তারপর থেকে খাদিজা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ২৮ নভেম্বর স্কয়ারের চিকিৎসকদের পরামর্শে সাভারের পক্ষাঘাত গ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) নেয়া হয় তাকে।