শ্রীলঙ্কায় ৭ মার্চ শুরু প্রথম টেস্ট
২০১৩ সালে সবশেষ শ্রীলংকা সফরটা স্মরণীয় হয়ে আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্যে। দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে হারলেও প্রাপ্তির ঝুলিটা ছিল ভারী। প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন বর্তমান অধিনায়ক মুশফিকুর রহীম। প্রথমবারের মত টেস্টের এক ইনিংসে ৩ সেঞ্চুরিয়ান পেয়েছিল বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটির ফলাফল নির্ধারিত হয়েছিল ১-১ সমতায়। চার বছর পর আগামী ২৭ ফেব্রুয়ারি আবারো শ্রীলংকা সফরে যাচ্ছে বাংলাদেশ দল।
সিরিজে দুই টেস্ট, তিন ওয়ানডে আর দুই টি-টুয়েন্টি খেলবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। সিরিজের প্রথম টেস্ট গলে ৭ মার্চ থেকে। দ্বিতীয় টেস্ট ১৫ মার্চ থেকে কলম্বোয়। এর আগে বাংলাদেশ একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ২ মার্চ থেকে। তার মানে শ্রীলঙ্কা সফরে টেস্ট দিয়েই শুরু হচ্ছে খেলা। এই সূচিটা এখনো প্রকাশ করা হয়নি আনুষ্ঠানিক ভাবে। শিগগিরই করা হবে তা। বাংলাদেশ ওখানে আসলে আগে টেস্ট খেলতে চেয়েছে। যা নিয়ে টানাপড়েন ছিল লঙ্কান বোর্ডের সাথে। শেষ পর্যন্ত সমাধানে আসা গেছে।
ঐতিহাসিক ভারত সফরে একমাত্র টেস্ট খেলে বাংলাদেশ দল দেশে ফিরেছে মঙ্গলবার। এর আগে নিউজিল্যান্ডে খেলেছে দুইটি টেস্ট। এদিকে ঘরোয়া লিগ বিসিএলে চলছে চার দিনের ম্যাচ। জাতীয় দলের সব তারকাই যুক্ত আছেন ক্রিকেটের দীর্ঘ পরিসরের সংস্করণে। এই কারণে শ্রীলঙ্কায় আগে টেস্ট সিরিজ খেলার ইচ্ছে ছিল বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের। এটা নিয়ে কিছুটা টানাহেঁচড়া হলো। তারপর সব ঠিক।