নিরুপম -রোকেয়া সাখাওয়াত হোসেন
বিচারক বলে, 'কানাই তোমার
গলায় পড়িবে ফাঁসি।'
শুনি শ্যমলাল বেপরোয়া ভাবে
হাসিল ঘৃণার হাসি।
রাখিতে পরের পরান যে জন
দেয় নিজে বলিদান,
সেকি বিচলিত ফাঁসির আদেশ?
মৃত্যু তুচ্ছজ্ঞান।
এ মর-জগতে কানাইয়ের তুল
কে আছে কোথায় আর?
শ্যামের গরিমা অতুল অতুল
তুলনা নাই যে তার?
মৃন্ময় দেহ এক শুধু শ্যাম
ছিল বাধাঁ সংসারে,
ত্যজি' সে পিজর চলিল কানাই,
এবে শত কোটি শ্যাম
ভারত-গগনে দেখা দিবে পুনঃ।
(ধন্য তোমার নাম!)
শ্যাম-ঋণ-পাশে রয়েছে যে বাঁধা
সকল বঙ্গবাসী,
অনেকে তাদের করিল প্রণতি
শ্যামে কারাগারে আসি'।
জগতে শ্যামের বিপুল আদর
হ'ল না বর্তমানে,
যদিও ভকতি নীরব প্রবাহ
বহে বাঙ্গালী প্রাণে!
যত কৃতঘ্ন হোক সংসার
তবু এ কানাই-স্মৃতি
ভারত-হৃদয়ে স্বর্ণাক্ষরে
জাগরুক র'বে নিতি!
বীর সন্তান জাগিয়া প্রভাতে
স্মরিবে কানাই নাম,
প্রাতঃ স্মরণীয় কানাই মোদের,
বল বল 'বন্দে শ্যাম।
==========